ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুপিয়ে হত্যা



কুপিয়ে হত্যা                                         

ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মঙ্গলবার (৬ অক্টোবর) মাগুরার শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামের কৃষক মশিউর রহমানকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে গ্রাম্য প্রতিপক্ষরা। এ ঘটনায় ২০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের স্ত্রী লতিফা বেগম জানান, স্থানীয় রাজনৈতিক আধিপত্য ও সামাজিক দলাদলি নিয়ে শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ সংগ্রাম ও সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটির সমর্থকদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। তার স্বামী মসিউর রহমান বর্তমান ইউপি চেয়ারম্যান সংগ্রামের সমর্থক। এ কারণে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে হয়রানি ও মারধর করছিল।
বেশ কিছুদিন ধরে প্রতিপক্ষ গ্রুপের শিহাব নিহতের ভাতিজিকে উত্ত্যক্ত করে আসছিল। প্রতিবাদ করায় নিহত মশিউর রহমান ও তার মামাতো ভাই ডলার মিয়ার সঙ্গে প্রতিপক্ষ দলের মুক্তার হোসেনের বাকবিতণ্ডা হয়। এ সময় মুক্তার হোসেন তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেয়। এরই এক পর্যায়ে মঙ্গলবার সকালে মশিউর রহমানকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে আনার পথে তিনি মারা যান।
মাগুরার শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।