নিখোঁজের পর সেপটিক ট্যাংকে মিললো যুবকের লাশ

নিখোঁজের ছয়দিন পর বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনার বটিয়াঘাটা উপজেলার বাঁশবাড়িয়া এলাকার একটি সেপটিক ট্যাংক থেকে গোলাম রসুল (২০) নামের এক তরুণের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় একটি গ্রুপের সঙ্গে বাগবিতণ্ডার পর রসুল নিখোঁজ হয়। 

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জালাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত রসুল জলমা ইউনিয়নের বাঁশবাড়িয়া একতা মোড় এলাকার গোলাভিটা এলাকার মো. মুজিবুর রহমানের ছেলে। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট মো. গোলাম রসুল বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজ করার পর তাকে না পেয়ে গত ২৮ আগস্ট পরিবারের পক্ষ থেকে থানায় একটি ডায়েরি করা হয়। এর ভিত্তিতে পুলিশ অনুসন্ধান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা সোয়া ২টার দিকে এলাকার একটি সেপটিক ট্যাংক থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দু'জনকে আটক করেছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করছে না পুলিশ। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

জানা যায়, গোলাম রসুল ১৬ দিন আগে হোগলাডাঙ্গা এলাকার আবুল মান্নান শেখের কন্যা তিন্নী বেগমকে (১৮) বিয়ে করে। পরে গত ২৫ আগস্ট রসুলের সঙ্গে স্থানীয় একটি গ্রুপের বাগবিতণ্ডা হয়। এরপর থেকে রসুল নিখোঁজ হয়।