‘নির্বাচনে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেদের লোকেরাই হত্যা করেন মনিরকে’ 

বাগেরহাটের মোল্লাহাটে চাঞ্চল্যকর মনির শেখ হত্যাকাণ্ডের মূল আসামিসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। আটকদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র ও একটি বন্দুকও উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনে প্রতিপক্ষকে ফাঁসাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। 

পুলিশ সুপার বলেন, গত ১৯ সেপ্টেম্বর সকালে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের উত্তর পাড়ার একটি ধানক্ষেত থেকে মনির শেখ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পুলিশের বিভিন্ন টিম তদন্ত শুরু করে। বুধবার (২৭ অক্টোবর) মোল্লাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাপাতি ও একটি বন্দুক উদ্ধার করা হয়। পরে আটকদের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সুপার কে এম আরিফুল হক আরও জানান, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীপক্ষকে ফাঁসাতে নিজেদের লোকেরাই মনির শেখকে হত্যা করে বলে আটকরা জানিয়েছেন। 

এ ঘটনায় আটক হয়েছেন মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের ইখলাছ শেখ (৪৫), আ. মান্নান মোল্লা (২১), ওহিদ ভূইয়া (৫০), মনির মোল্লা (৬৫), মো. আশিক শেখ (২০), মো. জাহিদ শেখ (৪৫), মো. জাহিদ শরীফ (৩২), ইকবাল মোল্লা (৩৭), মো. রেজোয়ান শেখ (২২), আল-আমিন (৪০)।

এর আগে, ২১ সেপ্টেম্বর নিহত মনির শেখের ভাই কবীর শেখ বাদী হয়ে মোল্লাহাট থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।