কলা চাষিকে কুপিয়ে ফেলে রাখা হয় রাস্তার পাশে 

বাগেরহাটের মোরেলগঞ্জে জাকির হোসেন হাওলাদার (৬০) নামে এক কলা চাষিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জাকির হোসেন হাওলাদার চন্ডিপুর গ্রামের আমজাদ হোসেন হাওলাদারের ছেলে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে চন্ডিপুর গ্রামের পার্শ্ববর্তী পর্তাশী বাজারের সুপারি বিক্রি করে বাড়ি ফেরার পথে তাকে পিটিয়ে ও কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে দুর্বৃত্তরা। গুরুতর জখম অবস্থায় জাকির হোসেনকে রাত ১০টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে আনা হলে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি রাত ১২টার দিকে মারা যান।

নিহতের ছেলে ইমরান হোসেন ও মোরেলগঞ্জ থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ইমরান হোসেন বলেন, পূর্ব শত্রুতার কারণে পরিকল্পিতভাবে বাবাকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে থানার ওসি বলেন, ঘটনাস্থলে শুক্রবার সকালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।