বাগেরহাটের শরণখোলা উপজেলায় রান্না ঘরে রাখা বালতির পানিতে পড়ে সাফওয়ান নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামে শিশুটির নানার বাড়ি এই ঘটনা ঘটে। সাফওয়ান উপজেলার বগী এলাকার মো. শাহীনের ছেলে।
শিশুটির মামা ইব্রাহীম হোসেন জানান, ১০-১২ দিন আগে তার বোন আয়শা বেগম দুই সন্তানকে নিয়ে বেড়াতে আসেন। আজ সকালে সাফওয়ানকে রেখে বাথরুমে যান আয়শা। শিশুটি সেই ফাঁকে হামাগুড়ি দিয়ে রান্না ঘরের বালতির পানিতে পড়ে যায়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, শিশু মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।