সুন্দরবন ও পরিবেশ রক্ষায় জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবি

সুন্দরবনসহ সব নদ-নদী ও বনাঞ্চলসহ পরিবেশ রক্ষায় জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবি উঠেছে মোংলার জলবায়ু নাগরিক সমাবেশে। সমাবেশ থেকে কার্যকরী পদক্ষেপ নিতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়। সোমবার (৮ নভেম্বর) সকালে বিশ্ব জলবায়ু সম্মেলনের সফলতার আকাঙ্ক্ষায় মোংলার কানাইনগরে পশুর নদীর পাড়ে মোংলা নাগরিক সমাজ ও ক্লিন খুলনার উদ্যোগে জলবায়ু নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। 

এতে বক্তারা বলেন, জলবায়ুর উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সীমিত রাখার সিদ্ধান্ত এখনই বাস্তবায়ন করতে হবে। দ্রুততম সময়ে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি শক্তির ব্যবহার নিশ্চিত করতে না পারলে বিশ্বে জলবায়ু বিপর্যয় সৃষ্টি হবে। 

তারা আরও বলেন, উষ্ণতা বাড়লে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ ওয়ার্ল্ড হ্যারিটেজ সুন্দরবন পানির নিচে তলিয়ে যাবে। 

মোংলা নাগরিক সমাজের সভাপতি মো. নূর আলম শেখের সভাপতিত্বে জলবায়ু নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, বাপা নেতা আব্দুর রশিদ হাওলাদার, নাজমুল হক, নদী রক্ষা কর্মী শেখ রাসেল, মাহারুফ বিল্লাহ ও হাসিব সরদার প্রমুখ।

জলবায়ু নাগরিক সমাবেশে মোংলার ছহিরুদ্দিন লাঠিখেলা টিমের সদস্যরা শারীরিক কসরতের মাধ্যমে জলবায়ু বিপর্যয়ের সৃষ্ট পরিস্থিতি তুলে ধরেন। জলবায়ু নাগরিক সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ’ মানুষ জলবায়ু সংক্রান্ত দাবি সংবলিত নানা প্ল্যাকার্ড নিয়ে হাজির হন।