বাগেরহাটের রামপালে আলমগীর হোসেন (২২) হত্যা মামলায় এক দম্পতির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকালে বাগেরহাটের অতিরিক্ত দায়রা ও জজ (দ্বিতীয়) আদালতের বিচারক তপন রায় এ আদেশ দেন।
একইসঙ্গে আদালত দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত স্বামী মো. সিরাজুল ইসলাম মিয়া (২৮) আদালতের কাঠগড়ায় উপস্থিত থাকলেও স্ত্রী সাবিনা বেগম (২৪) পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, বাগেরহাটের রামপাল উপজেলার পারগোবিন্দপুর গ্রামের গনি শেখের বাড়িতে ভাড়া বাসায় ঝিনাইদহ জেলার মহেষপুর উপজেলার জগীহদা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সিরাজুল ইসলাম মিয়া ও তার স্ত্রী সাবিনা বেগম থাকতেন। তাদের পূর্বপরিচিত আলমগীর হোসেন সিরাজুলের অনুপস্থিতে তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে বিষয়টি সাবিনা বেগম স্বামী সিরাজুলকে জানান। দুজনে কৌশলে আলমগীরকে ডেকে এনে ২০১৬ সালের ১৫ ডিসেম্বর রাতে শ্বাসরোধে হত্যার পর লাশ পুকুরে ফেলেন। এ ঘটনায় পার্শ্ববর্তী মালিডাঙ্গা গ্রামের নিহত আলমগীরের বাবা মোশারেফ হোসেন বাদী হয়ে রামপাল থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পরের বছরের ২৪ মার্চ রামপাল থানার এসআই ইমারত শেখ সিরাজুল ইসলাম মিয়া ও তার স্ত্রী সাবিনা বেগমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। স্বাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।