যশোরে সাব্বির হোসেন (২০) নামে এক চা দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের শঙ্করপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে এই ঘটনা ঘটে। সাব্বির বাস টার্মিনাল এলাকার আকবর মিয়ার ছেলে।
নিহতের ভাই চন্দন জানান, বাস টার্মিনালের পাশে চায়ের দোকান রয়েছে সাব্বিরের। দুপুর ১২টার দিকে চায়ের দোকানেই ছিলেন। এ সময় কয়েকজন এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি জানান, শঙ্করপুর মেম্বারপাড়ার মুছার সঙ্গে সাব্বিরের বিরোধ ছিল। এই হত্যাকাণ্ডে মুছার হাত থাকতে পারে বলে ধারণা তার।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস বলেন, সাব্বিরকে হাসপাতালে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। প্রচুর রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। খোঁজ-খবর নেওয়া হচ্ছে।