যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন। তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। সোমবার (২০ ডিসেম্বর) এ নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এর আগে রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মিলন বাদে অন্যরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। সোমবার মিলনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
বিষয়টি নিশ্চিত করেছেন লেবুতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী না থাকায় নৌকা প্রতীকের প্রার্থী আলীমুজ্জামান মিলনকে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আগামী ৫ জানুয়ারি যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।