চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় চুয়াডাঙ্গাবাসীর জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ছে। মানুষ কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ ঠাণ্ডা উপেক্ষা করে কাজের জন্য রাস্তায় নামছেন। শীত থেকে রক্ষা পেতে মানুষ আগুন জ্বালিয়ে উষ্ণতা খোঁজার চেষ্টা করছেন।
এছাড়া সব ধরনের যানবাহন দিনের বেলাতেও ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আকাশ মেঘলা কেটে যাওয়ার পর চুয়াডাঙ্গায় সোমবার সন্ধ্যা থেকে হিমেল বাতাস বইতে শুরু করেছে। রাতে ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। ভোরে কুয়াশা আর হিমেল বাতাসে শীত বেশি অনুভূত হয়। সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।
শীতের কারণে খেটে খাওয়া মানুষকে বেশি বিড়ম্বনায় পড়তে হচ্ছে । বেলা বাড়লেও গুড়ি গুড়ি বৃষ্টির মত কুয়াশা ঝরছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জামিনুর রহমান বলেন, বেশ কয়েকদিন চুয়াডাঙ্গার আকাশ মেঘলা ছিল। এরপর থেকে ঘন কুয়াশা আর হিমেল বাতাস বইছে। তাপমাত্রা আরও হ্রাস পাবে। শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানান তিনি।