করোনাকালে স্কুল-কলেজ খোলা থাকলে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন ফুলের রাজধানী গদখালির ফুল চাষিরা। এক সপ্তাহ আগে ফুলের যে দাম পেয়েছেন তারা, চলতি সপ্তাহে তার চেয়ে বেশি দাম পাচ্ছেন। এ কারণে আশায় বুক বেঁধেছেন তারা।
বসন্ত ও ভালোবাসা দিবসে প্রিয়জনের মন রাঙাতে ফুলের বিকল্প নেই। বসন্ত ও ভালোবাসা দিবসের এক সপ্তাহ পর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষাশহীদদের স্মৃতির উদ্দেশে গোটা জাতি নিবেদন করবে পুষ্পার্ঘ। এসব ফুলের চাহিদা পূরণে মাঝে কয়েকদিন বৃষ্টির কারণে গোলাপ উৎপাদনে কিছুটা ছন্দপতন হয়েছে। কিছু ফুলের ক্ষতিও হয়েছে। কিন্তু চাহিদা বেশি থাকায় গোলাপের দামও বৃদ্ধি পেয়েছে।
গদখালি বাজারে গোলাপ ৬-৭ টাকা, জারবেরা ৬-৭ টাকা, রজনীগন্ধা ৫ টাকা, গ্লাডিওলাস ৬-৮ টাকা, জিপসি (প্রতি আঁটি) ২৫ টাকা, চন্দ্রমল্লিকা ২ টাকা এবং প্রতি হাজার গাঁদা ফুল মিলছে ৪৫০-৫০০ টাকায়।
হাড়িয়া গ্রামের আক্কাস আলী বলেন, হাটে ২০০ পিস গ্লাডিওলাস এনেছিলাম। সিঁদুর, হলুদ আর খয়েরি-হলুদ রঙের। রঙভেদে ৬ থেকে ৮ টাকা দরে বিক্রি করেছি। গত সপ্তাহে কিছু এনেছিলাম। তখন কম দাম পেয়েছিলাম। এই সপ্তাহে দাম বেশি ফুলের।
নিমতলা এলাকার বিল্লাল হোসেন জানান, গত বছর করোনার কারণে ১৪ টাকার ফুল ৪ টাকায় বিক্রি করতে হয়েছে। অনেক ফুল কেটে গরু-ছাগল দিয়ে খাওয়াতে হয়েছে। গত সপ্তাহেও একই রকম অবস্থা ছিল। এই সপ্তাহে হাটে একটু দাম পাওয়া যাচ্ছে। সরকার যদি স্কুল-কলেজ খুলে দেয়, তাহলে ফুলের দাম পাওয়া যাবে। কেননা আমাদের এই ফুলের ক্রেতা সাধারণত স্কুল-কলেজের শিক্ষার্থীরা বেশি।
হাড়িয়া গ্রামের ফুল চাষি আব্দুল বারিক বলেন, গত বছর লকডাউন থাকায় আমার ক্ষতির পরিমাণ ছিল শতকরা ৮০ ভাগ। এবার গ্লাডিওলাস আর গোলাপ একটু বেশি দামে বিক্রি করতে পেরেছি। মাঘের শুরুতে বৃষ্টি হওয়ায় কিছু ফুলের ক্ষতি হয়েছে; কিন্তু এখনও যা আছে, দাম পেলে ক্ষতি খানিকটা পুষিয়ে নিতে পারবো।