ইউএনও পরিচয়ে অভিযান, গণধোলাই শেষে পুলিশে দিলো জনতা

চুয়াডাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয়ে অভিযান চালিয়ে জরিমানা আদায়কালে রিন্টু মল্লিক (৪২) নামে একজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় তাকে মারধর করে পুলিশে দেয় স্থানীয় জনতা। রিন্টু মল্লিকের বাড়ি চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ায়।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল থেকে নিজেকে ইউএনও পরিচয় দিয়ে ডিঙ্গেদহ বাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আদায় করতে থাকে রিন্টু। এ সময় একটি খাবারের দোকানে ২শ’ টাকা জরিমানা করে। পরে আরেকটি দোকানে গিয়ে মিষ্টি জব্দ করে তা বিনষ্ট করে। 

এ সময় সন্দেহ হলে তাকে জেরা করে স্থানীয়রা। স্থানীয়দের তোপের মুখে স্বীকার করে, সে ইউএনও নয়। এরপর উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানা হেফাজত নেয়। 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, রিন্টু মল্লিককে আটক করে থানায় নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।