বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা অর্ধকোটি টাকার পণ্য জব্দ

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি ট্রাকে মিথ্যা ঘোষণায় লুকিয়ে আনা শাড়ি, থ্রি-পিচ, মদ, ফেনসিডিল, সিগারেট ও ওষুধসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

বুধবার (২ মার্চ) বেলা ১১টায় পণ্য চালানটি জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। এসব পণ্যের মূল্য প্রায় অর্ধকোটি টাকা। এ ঘটনায় বেনাপোলের শিমুল ট্রেডিং এজেন্সি নামে একটি সিঅ্যান্ডএফ লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, বন্ড লাইসেন্সের মাধ্যম ভারত থেকে আমদানিকৃত একটি গাড়িতে বিপুল পরিমাণ ঘোষণা বহির্ভূত আমদানি নিষিদ্ধ পণ্য আনা হয়েছে। এরপর যুগ্ম কমিশনার আব্দুল রশিদ মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেনাপোল বন্দর এলাকা থেকে ভারতীয় ট্রাক জব্দ করে কাস্টমস হাউজে নিয়ে আসে। 

ট্রাক তল্লাশি করে ডেনিম ফেব্রিক্সের চালান থেকে আমদানি নিষিদ্ধ ৯৯৫ বোতল ফেনসিডিল, ৬ বোতল বাংলা মদ, ৯৭ হাজার ৬০০ শলাকা বিদেশি সিগারেট, ২৯.৬ কেজি বাবা জর্দা, ৬০ কেজি আতসবাজি, ৪৮ পিস শাড়ি, ২৫ পিস থ্রিপিচ, ৭০ কেজি কারেন্ট জাল এবং ভারতীয় বিভিন্ন ওষুধসহ বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।