ভোজ্যতেল মজুত রাখার অপরাধে যশোরের মণিরামপুর উপজেলায় আরিফুজ্জামান পনি নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সঙ্গে সঙ্গে সেই জরিমানার টাকা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পাল অভিযান চালিয়ে এ জরিমানা করেন। যশোর জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অভিযানে নারায়ণ চন্দ্র পাল দেখতে পান, যশোরের মণিরাম বাজারে মেসার্স মনির উদ্দিন স্টোরে অধিক মুনাফার আশায় ভোজ্যতেল মজুত রাখা রয়েছে। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আরিফুজ্জামান পনিকে কৃষি বিপণন আইন-২০১৮ এর ১৯(১)(ঠ) ধারায় এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করেন। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।