কাঁচাবাদাম গানের সঙ্গে নারী শিক্ষকের টিকটক ভিডিও, সমালোচনার ঝড়

কুষ্টিয়ার মিরপুরে এক মাধ্যমিক বিদ্যালয়ের নারী প্রধান শিক্ষকের টিকটক ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওগুলো ছড়িয়ে পড়ে। এতে সমালোচনার মুখে পড়েন ওই নারী শিক্ষক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই টিকটক ভিডিওতে দেখা যায় ‘কাঁচাবাদাম’ ও বেশকিছু রোমান্টিক বাংলা গানের তালে নানা অঙ্গভঙ্গিতে নাচ করেছেন তিনি। তার এ গানের ভিডিও ছড়িয়ে পড়ায় বিব্রতকর অবস্থায় পড়েছেন বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন।

এ বিষয়ে ওই নারী শিক্ষক বলেন, আমার মতো অনেকেতো টিকটক করে। তাদের টিকটক তো সামনে আসে না। তাহলে আমারটি নিয়ে এত কথা কেন? 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বলেন, ভুলক্রমেই ম্যাডামের ফেসবুক আইডিতে উনি টিকটক ভিডিও শেয়ার করেছিলেন। বিষয়টি জানার পর আমি কথা বলেছি। তবে এ বিসয়ে তিনি অনুতপ্ত। তিনি ভুল স্বীকার করেছেন। এরপর এমনটি আর হবে না বলেও জানিয়েছেন তিনি।

মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার বলেন, বিষয়টি আমার নজরে আসেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের বলেন, এখন পর্যন্ত বিষয়টি কেউ জানাননি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

সচেতন নাগরিক কমিটির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রফিকুল আলম টুকু বলেন, শিক্ষকতা একটি আদর্শের পেশা। শিক্ষার্থী ও সমাজের মানুষ তাদের অনুসরণ করেন। মাধ্যমিক পযার্য়ের একজন প্রধান শিক্ষকের এমন টিকটক ভিডিও সমাজের জন্য সুফল বয়ে আনবে না।