জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগুনসন্ত্রাস আর জঙ্গি অপরাধীদের দমন করার মানে রাজনৈতিক নির্যাতন নয়। সন্ত্রাস ও জঙ্গি হামলায় জড়িত সবাই অপরাধী। সে যে পরিচয়ে থাকুক না কেন তাকে আইনের আওতায় আসতেই হবে।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে কুষ্টিয়ার মিরপুর মহিলা ডিগ্রি কলেজের অ্যাকাডেমি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, বিরোধী দলের আন্দোলন করার অধিকার আছে। আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের অধিকার আছে। নির্বাচনে ক্ষমতাসীন সরকারকে পরাজিত করারও অধিকার আছে। সুতরাং সেটা নিয়ে আমার কোনও মন্তব্য নেই।
এ সময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল করিম, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।