ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ



খুলনার কয়রা উপজেলার নলপাড়া গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক তরুণীকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ছয় জনকে থানা হাজতে নেওয়া হয়।

কয়রা থানার ওসি রবিউল হোসেন বলেন, রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সোহরাব আলী শেখ বলেন, ওই নারীর স্বামী ইটভাটা শ্রমিক। কাজের সুবাদে তিনি বাড়ির বাইরে ছিলেন। দুর্বৃত্তরা ফাঁকা বাড়ির সুযোগ নিয়েছে। ভুক্তভোগী নারীর দুই বছরের একটি সন্তান রয়েছে বলে জানান তিনি।