পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত ফায়ারম্যান শাকিল 

সীতাকুণ্ডে আগুনে মারা যাওয়া ফায়ারম্যান শাকিল তরফদারের লাশ বুধবার (৭ জুন) বাদ এশা খুলনার নিজ বাড়িতে দাফন হয়। বিকালে মরদেহ বাড়িতে পৌঁছানোর পর বাদ মাগরিব জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ফায়ার সার্ভিস কর্মীরা তাকে যথাযথ সম্মান প্রদর্শন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

শাকিলের বড়ভাই মনিরুজ্জামান তরফদার এসব তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, বুধবার বেলা ১১টার দিকে শাকিলের লাশ আমাদের কাছে হস্তান্তর করা হয়। এরপর লাশ নিয়ে বিকালে বাড়ি পৌঁছাই। বাড়ি পৌঁছে বাদ মাগরিব জানাজা হয়। এরপর বাদ এশা পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন বলেন, শাকিলকে খুলনার নিজ বাড়িতে আনার পর  ফায়ার সার্ভিসের উপস্থিত কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। তারা জানাজায় অংশ নেন। নিয়ম অনুযায়ী তার প্রতি সালাম প্রদর্শন করেন।

সুরখালী ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, শাকিলের লাশ বিকালে বটিয়াঘাটার বাড়িতে আনা হয়। এরপর বাদ মাগরিব জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান, বটিয়াঘাটা উপজেলা পরিষদ চেয়াম্যান মো. আশরাফুল আলম খান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বিভাগীয় উপপরিচালক সালেহ উদ্দিনসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।