বাড়ির সামনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনিকে (৫২) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১২টায় শহরের চোপদারপাড়া আকবারের মোড় এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

যশোর নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু বলেন, ‌‘বেলা ১২টায় বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন বদিউজ্জামান। এ সময় একদল দুর্বৃত্ত হঠাৎ করে তার ওপর হামলা চালায়। ছুরি ও কিরিচ দিয়ে কোমরের নিচ থেকে পা পর্যন্ত বেশ কয়েক জায়গায় আঘাত করে। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।’

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. আব্দুর রহিম মোড়ল জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান জানান, কী কারণে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনে পুলিশ তৎপরতা শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে।