যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত যুবকের (২৮) পরিচয় মিলেছে। ওই যুবকের নাম মোস্তাফিজুর রহমান। তিনি সাতক্ষীরার সুলতানপুর শাহপাড়ার আব্দুল্লাহ আল মামুনের ছেলে। খুলনার একটি ফিড কোম্পানিতে তিনি চাকরি করতেন। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে যশোর জেনারেল হাসপাতালে নিহতের ভাই ও স্ত্রী মরদেহ শনাক্ত করেছেন।
নিহতের ভাই মো. মোত্তালির বলেন, আমার ভাই রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে বাসা থেকে বের হয়ে খুলনায় অফিসে যায়। সেখান থেকে অফিসিয়াল কাজে ঝিনাইদহ যায়। এরপর আর তার কোনও খোঁজ মিলছিল না।
নিহতের স্ত্রী জান্নাতুল বলেন, ঝিনাইদহ যাওয়ার সময় আমার স্বামীর সঙ্গে ছিলেন সহকর্মী রবিউল ইসলাম। তাকে নিয়ে ফেরার পথে যশোরের চাঁচড়া এলাকায় তিনি খুন হন। স্বামীর মোবাইলফোন বন্ধ থাকায় অনেক চেষ্টা করেও তার খোঁজ মিলছিল না। ভোরে জানতে পারি, তিনি খুন হয়েছেন। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর শেখ মনিরুজ্জামান বলেন, নিহতের পরিবারের সদস্যরা মরদেহ লাশ শনাক্ত করেছেন।
কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক লেনদেনের কারণে মোস্তাফিজুর রহমান খুন হতে পারেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্তর মন্ডল (২৪) নামে একজনকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, রবিবার বিকেলে কে বা কারা যশোর শহরের চাঁচড়া এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তিকে ইজিবাইকে এনে মৃত অবস্থায় ফেলে রেখে যায়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস চৌধুরী জানান, প্রচুর রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।