যশোরে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে যশোর-বেনাপোল সড়কের লাউজানি এলাকার ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই নারীর বয়স ৪২-৪৩ বছর হবে। লাশের পাশে দুটি পানির বোতল পড়েছিল। স্থানীয়রা তাকে চিনতে পারছেন না। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ওই নারীর দেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।’