বালতির পানিতে পড়ে লামিয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে যশোরের অভয়নগর উপজেলার কোটা গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির বাবা কোটা গ্রামের মোস্তাফিজুর রহমান জানান, তিনি সকালে কাজে যান। বেলা ১১টার দিকে মেয়েকে গোসলের জন্য তার মা একটি বালতিতে পানি ভরে সেটি বারান্দায় রেখে গামছা আনতে ঘরে যান। তখন লামিয়া হামাগুড়ি দিয়ে বালতি ধরে দাঁড়াতে গিয়ে তার মধ্যে পড়ে ডুবে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর থানার পরিদর্শক মিলন কুমার মণ্ডল বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।