খুলনায় সাড়ে ১৮ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে খুলনায় ১৮ হাজার ৪৮৩ হেক্টর জমির নানা ধরেনর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটাকে ‘ক্ষতিগ্রস্ত’ বলতে নারাজ কৃষি অধিদফতর। 

মঙ্গলবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতর খুলনার উপ-পরিচালক কৃষিবিদ হাফিজুর রহমান বলেন, ‘আক্রান্ত মানেই সব ক্ষতিগ্রস্ত নয়। বাতাসের চাপে ধান হেলে পড়েছে। অন্যান্য ফসলের গাছও হেলে পড়েছে। পরিচর্যা করলে এসব গাছ ক্ষতি থেকে রক্ষা পেতে পারে।’

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এ বছর খুলনায় ৯৩ হাজার ১৮৫ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ১৭ হাজার ৯৪২ হেক্টর জমির ধান সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবজি আবাদ হয়েছে ৯৭০ হেক্টর জমিতে; ক্ষতিগ্রস্ত ২৯৩ হেক্টর। কলা আবাদ হয়েছে ৫৩৭ হেক্টরে; ক্ষতিগ্রস্ত ১৩৪ হেক্টর। পেঁপে চাষ হয়েছে ৩৭৫ হেক্টরে; ক্ষতিগ্রস্ত ৯৫ হেক্টর। পান চাষ হয়েছে ৮৫৮ হেক্টরে; ক্ষতিগ্রস্ত ৫ হেক্টর। মরিচ আবাদ হয়েছে ২০ হেক্টর; ক্ষতিগ্রস্ত ৬ হেক্টর। এছাড়া ধনিয়া ১ হেক্টর, মাসকলাই ৪ হেক্টর ও সরিষা ৩ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে।

সুন্দরবন পশ্চিম বিভাগের বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসীন বলেন, ‘সিত্রাংয়ের প্রভাবে সুন্দরবনের কোনও ধরনের ক্ষতি হয়নি। জলোচ্ছ্বাস হওয়ায় বনের অভ্যন্তরের কিছু পুকুর, বন বিভাগের ফাঁড়ি ও অফিসের রাস্তা তলিয়ে যায়। এতে তেমন কোনও ক্ষতি হয়নি।’