শিশুকে মারধরের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। ঘটনার পর পুলিশ ছয় জনকে আটক করেছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে দিঘলিয়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের কয়েকজন জানান, সকাল পৌনে ৯টার দিকে পূর্ববিরোধের জেরে নূর ইসলামের নাতনি সোহাগিকে (৬) মারধরের ঘটনায় ইখতিয়ার শেখের ছেলে মো. আসাবুর শেখকে (৪০) বাড়ির উঠানে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসাবুরকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনার জেরে সংঘর্ষে শাহাজালাল শেখ এবং কালাম শেখ আহত হন। তাদের চিকিৎসার ৬জন্য দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সরকার বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উভয়পক্ষের ছয় জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।