ভারতে পাচারের সময় যশোরের শার্শার সীমান্ত এলাকা থেকে সাত কেজি ২৫ গ্রাম ওজনের ৬২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে গোড়পাড়া ফাঁড়ি পুলিশ। সোমবার (৭ নভেম্বর) উপজেলার গোড়পাড়ার আমতলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাইম হোসেন (২২) ও আজহারুল ইসলামের (২৩) বাড়ি শার্শা উপজেলায়। তবে পুলিশ এখনও তাদের ঠিকানা দেননি।
এই বিষয়ে নাভারন সার্কেল পুলিশের অ্যাডিশনাল এসপি জুয়েল ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতে পাচারের উদ্দেশ্য স্বর্ণ পাচারকারীরা বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে শার্শার গোড়পাড়ার আমতলায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬২টি স্বর্ণের বারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৩৩ লাখ টাকা।
উল্লেখ্য, এ নিয়ে শার্শা ও বেনাপোল সীমান্তে ২৪ ঘণ্টায় পুটখালী এলাকা থেকে রত্না বেগম নামে একজন নারী স্বর্ণ পাচারকারীকে ১০ পিস, বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা সিদ্দিকুর রহমান নামে একজন পাসপোর্ট যাত্রীকে ৯ পিস এবং শার্শা থানার গোড়পাড়া ফাঁড়ি পুলিশের সদস্যরা নাইম ও আজহারুল নামে দুই জনকে ৬২ পিস স্বর্ণের বারসহ আটক করেছে।