যশোরে প্রকাশ্যে ছুরিকাঘাতে ডিপ্লোমা প্রকৌশলীকে হত্যা

যশোর শহরে প্রকাশ্যে ছুরিকাঘাতে ইরফান ফরাজী নামে এক ডিপ্লোমা প্রকৌশলীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে খড়কি দক্ষিণপাড়ার ধোপাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইরফান ফরাজী (২৮) ধোপাপাড়া এলাকার রফিকুল ইসলাম ফরাজীর ছেলে। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ডিপ্লোমা করেছেন। ধোপাপাড়া এলাকায় মুদি দোকান রয়েছে তার।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বিকালে ধোপাপাড়া এলাকায় দোকানের সামনে কবরস্থানের পাশে দাঁড়িয়ে ছিলেন ইরফান। এ সময় তিন যুবক এসে তার বুকে ছুরি মেরে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ইরফানের বড় ভাই ইমরান ফরাজী বলেন, ‘বিকালে দোকানে একাই ছিল ইরফান। দোকানের সামনে কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার বুকে ছুরি মেরে চলে যায় তিন যুবক।’ 

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, ‘হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে ওই যুবকের। বুকে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে।’

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে হাসপাতালে এসেছি। কী কারণে, কারা তাকে হত্যা করেছে তা এখনই বলা যচ্ছে না। পুলিশের একাধিক টিম অভিযানে রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।’