সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এই রায় দেন সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম. জি. আজম।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম (৩০) সাতক্ষীরা সদরের রসুলপুর এলাকার বিল্লাল গাজীর ছেলে। রবিউলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
এ ছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় অপর চার আসামিকে খালাস দেয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার রাষ্ট্রপক্ষের স্পেশাল পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু।
মামলা থেকে জানা যায়, ২০১৪ সালে যশোরের কেশবপুরের আগরহাটি এলাকার শহিদুল বিশ্বাসের মেয়ে রাবেয়া খাতুনকে (১৮) বিয়ে করেন রবিউল। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে রবিউল ও তার পরিবারের সদস্যরা রাবেয়ার উপর নির্যাতন করতে শুরু করেন। একই বছরের ৬ জুন রাতে রাবেয়ার বাবা জানতে পারেন তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি রাবেয়ার শ্বশুরবাড়ি গিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পান।
রাবেয়ার বাবা শহিদুল বাদী হয়ে পরদিন সাতক্ষীরা থানায় মামলা করেন। মামলায় রবিউলসহ পাঁচ জনকে আসামি করা হয়। মামলার ১৫ জন স্বাক্ষীর মধ্যে ১৩ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে রবিউলকে মৃত্যুদণ্ড দেন আদালত।