টিউবওয়েলের পানি প্রতিবেশীর জমিতে যাওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার মিরপুরে টিউবওয়েলের পানি প্রতিবেশীর জমিতে যাওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে আব্দুল মান্নান মন্ডল (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কচুদহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মান্নান সদর উপজেলার বারোখাদা ইউনিয়নের সাকারীপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। 

মান্নানের স্ত্রী যুবাইদা খতুন বলেন, ‘শনিবার বিকালে টিউবওয়েলের পানিতে গোসল করার সময় প্রতিবেশী ফিরোজ হামলা চালায়। এসময় হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আমার স্বামীকে হত্যা করে।’

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, টিউবওয়েলের পানি প্রতিবেশীর জমিতে যাওয়া নিয়ে বিরোধে প্রতিবেশী ফিরোজের হাঁসুয়ার কোপে মান্নান নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে। তবে এ ঘটনায় এখনও অভিযুক্তকে আটক করা যায়নি।