ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে দুই সুদের কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ঝিনাইদহ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সকালে উপজেলার বড়তালিয়ান গ্রাম থেকে রেজাউল ও শরিফুল নামে দুই ভাইকে গ্রেফতার করা হয়। তারা ওই গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে। দীর্ঘদিন ধরে চড়া সুদে গ্রামবাসীকে ঋণ দিচ্ছিলেন তারা।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, ‘অভাব-অনটনকে পুঁজি করে বড়তালিয়ান গ্রামের মানুষজনকে চড়া সুদে ঋণ দিয়ে আসছিলেন ওই দুই ভাই। সুদের টাকা দেওয়ার সময় সই করা ব্ল্যাংক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নিতেন। পরে মামলার ভয় দেখিয়ে সুদের টাকা আদায় করতেন। তাদেরকে সুদ দিতে দিতে অতিষ্ঠ হয়ে থানায় লিখিত অভিযোগ দেন কয়েকজন ভুক্তভোগী। রবিবার সকালে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ২২ লাখ ৫০ হাজার টাকা, চারটি স্ট্যাম্প ও মানুষের নামের তালিকা সংবলিত ১৫০ পাতার একটি খাতা উদ্ধার করা হয়। দ্রুত বিচার আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে বিকালে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।’