সরকার উৎখাত বিএনপির দিবাস্বপ্নই থেকে যাবে: ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে, বাজারে, অফিসে, আদালতে বিভিন্ন রকম ঘটনা যেগুলো ঘটছে সেসব ঘটনা দেখার সঙ্গে সঙ্গেই সরকার উৎখাতের স্বপ্ন দেখছে বিএনপি। কিন্তু বাস্তব হচ্ছে মাঠে-ঘাটে যাই ঘটুক না কেন সরকার সঙ্গে সঙ্গে তা আমলে নিচ্ছে এবং প্রতিকারের ব্যবস্থা করছে।’

শুক্রবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল-চিথলিয়া সড়ক উন্নয়নকাজ উদ্বোধনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বিএনপির উদ্দেশে বলেন, ‘বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সরকার উৎখাতের কর্মসূচি সম্ভব হচ্ছে না। এইজন্য যে, সরকার ঘটনা ঘটলে প্রতিকারের ব্যবস্থা করছে। এটা এই সরকারের একটা ইতিবাচক দিক।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ঊশৃঙ্খল কোনও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হচ্ছে, শাস্তি হচ্ছে। কেউ খুন করলে গ্রেফতার হচ্ছে, কেউ নারী নির্যাতন করলে গ্রেফতার হচ্ছে। সরকারি অফিসের কর্মচারী ক্ষমতার অপব্যবহার করলে তারা বরখাস্ত হচ্ছে। সুতরাং ঘটনা ঘটলেই সরকার প্রতিকারের ব্যবস্থা নিচ্ছে। কিন্তু অতীতে বিএনপি যখন ক্ষমতায় ছিল ঘটনা ঘটলেই তারা ব্যবস্থা নিতো না। বরং অপরাধীদের রক্ষার ব্যবস্থা করতো।

‘যেখানে অপরাধীদের রক্ষার ব্যবস্থা চলে, ঘটনা ঘটলে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয় সেইখানে কিন্তু একটা গণআন্দোলন, গণঅভ্যুত্থানের শঙ্কা থাকে। সুতরাং আজ ঘটনা ঘটলেই বিএনপি সরকার উৎখাতের দিবাস্বপ্ন দেখে। তাদের দিবাস্বপ্নই থেকে যাবে। কিন্তু সরকার উৎখাত সম্ভব হবে না।’

ইনু বলেন, ‘প্রতিটি ঘটনাতেই সরকার ব্যবস্থা নিচ্ছে। তাই বাধ্য হয়ে বলছি বিএনপির সরকার উৎখাতের ফাঁকা আওয়াজটা ভাঙা রেকর্ডের মতো বাজছে। বিএনপি একমাত্র দল যারা অপরাধীদের পক্ষে ওকালতি করে। যারা অপরাধীদের পক্ষে ওকালতি করে তারা বাংলাদেশে না দিতে পারবে গণতন্ত্র, না দিতে পারবে আইনের শাসন। সুতরাং কার্যত নির্বাচনকে সামনে রেখে তারা আসলে সরকার উৎখাতের যে জঘন্য চক্রান্তের খেলা খেলছে তা বাংলাদেশের জন্য বিপদজনক।’

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কেন্দ্রীয় নেতা মহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি ধুবাইল-চিথলিয়া সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন।