ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

বাগেরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় ঈদের দ্বিতীয় জামাত এবং সাড়ে ৮টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।

জেলার বাইরে থেকেও শত শত মুসল্লি ঐতিহাসিক এই মসজিদে ঈদের নামাজ আদায় করতে আসেন। ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। স্থানীয়দের দাবি, ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদেই দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদের নামাজ শেষে আগত মুসল্লিদের বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।

বাগেরহাটের জেলা প্রশাসক আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদসহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলে জেলা পর্যায়ের নেতারা ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজ আদায় করেন।

এছাড়া ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার মসজিদ, আলিয়া মাদ্রাসা ময়দান, নাগেরবাজার খানজাহানীয়া বায়তুল ফালাহ জামে মসজিদ এবং শহরের পুরাতন কোর্ট মসজিদসহ বিভিন্ন ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে বাগেরহাটের জেলা প্রশাসক আজিজুর রহমান বলেন, বাগেরহাটে উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ঐতিহাসিক ষাটগুম্বুজ মসজিদে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য নিরাপত্তাসহ সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। আমরা সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব।

ঈদের জামাতে দেশ ও জাতীর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।