সরকার আমদানির অনুমোদন দেওয়ার পর বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যা পর্যন্ত ১১ দিনে বেনাপোল বন্দর দিয়ে এক হাজার ১০ টন পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে এসেছে।
বেনাপোল চেকপোস্টের কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শেখ ইনাম হোসেন বলেন, অন্য বন্দর দিয়ে যে পরিমাণ পেঁয়াজ আসছে সে হিসেবে বেনাপোল দিয়ে আমদানির পরিমাণ অনেক কম। কোনোদিন দুই, কোনোদিন পাঁচ ট্রাক, আবার কোনোদিন আসছেও না।
জানা গেছে, দেশে উৎপাদিত পেঁয়াজের দাম ঠিক রাখতে গত ১৫ মার্চ থেকে পণ্যটি আমদানির অনুমতি বন্ধ রাখা হয়। তবে এই সুযোগে পেঁয়াজের কেজি ১০০ টাকা পর্যন্ত বাড়িয়ে ফেলেন মুনাফালোভী ব্যবসায়ীরা। বাজার ঠিক রাখতে গত ৫ জুন সরকার আমদানির অনুমতি দেয়। এরপরই কমতে থাকে পণ্যটির দাম।
বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী হেমন্ত কুমার সরকার জানান, অনেক পেঁয়াজের আমদানি অনুমোদন (আইপি) রয়েছে। সেগুলোর মধ্যে অল্প অল্প করে পেঁয়াজ আসছে বেনাপোল দিয়ে। ভোমরা, হিলি ও সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি হয়ে থাকে।
বন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, আমদানি করা পেঁয়াজ ব্যবসায়ীরা যাতে দ্রুত খালাস করতে পারেন এর জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া আছে এবং তা দ্রুত খালাস হচ্ছে।