রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ছেড়ে আসা জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে। পানামা পতাকাবাহী জাহাজ এম.ভি. লিবার্টি হারভেস্ট রবিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে। এর আগে গত ৩ মে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে রূপপুরের পণ্যবাহী জাহাজটি।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এইচ এস আর ওসান ট্রেডের ব্যবস্থাপক (মোংলা) বিপ্লব খাঁন জানান, গত ৩ মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে রূপপুরের বিভিন্ন ধরনের মেশিনারি পণ্য নিয়ে সরাসরি মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে এম.ভি. লিবার্টি হারভেস্ট। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। জাহাজটিতে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ১ হাজার ১৩৭ দশমিক ৪৪৯ মেট্টিক টন ওজনের ৯৭৫ প্যাকেজ মেশিনারি পণ্য এসেছে।
এদিন দুপুর ২টা থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন শিপি এজেন্ট কর্মকর্তা বিপ্লব খাঁন। তিনি বলেন, জাহাজ থেকে খালাস করা পণ্য রাখা হবে বন্দর জেটির শেডে। জাহাজের পণ্য খালাসে সময় লাগবে তিন দিন। এরপর জেটি থেকে পণ্য সড়ক পথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে।
এর আগে গত ২৯ মে রাশিয়া থেকে সরাসরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছিল এম.ভি. আনকা স্কাই। তারও আগে গত ৬ মে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছিল এম. ভি. আনকা সান। এছাড়া গত ২৫ এপ্রিল রাশিয়া থেকে রূপপুরের মালামাল নিয়ে সরাসরি মোংলা বন্দরে এসেছিল এ.ভি. ইয়ামাল অরলান। আর ইয়ামাল অরলানের আগে এসেছিল এম.ভি. ড্রাগনবল ও এম.ভি. কামিল্লা।
উল্লেখ্য, সম্প্রতি সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রূপপুরের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। যার ফলে নিষেধাজ্ঞার বাইরে থাকা জাহাজগুলো রাশিয়া থেকে রূপপুরের পণ্য নিয়ে সরাসরি মোংলা বন্দরে আসছে। আর নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজগুলো রাশিয়া থেকে পণ্য নিয়ে ভারত ট্রানজিট হয়ে আসছে মোংলা বন্দরে।