রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আটক ১

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের অভ্যন্তরে লেবার গেট থেকে তামার তারসহ পারভেজ শেখ (২৪) নামে একজনকে আটক করেছে আনসার ব্যাটালিয়নের রামপাল ক্যাম্পের সদস্যরা।

সোমবার (৩ জুলাই) দুপুর ৩টার দিকে প্লান্টের অভ্যন্তরে লেবার গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ কেজির বেশি তার জব্দ করে আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

আটক পারভেজ শেখ রামপাল উপজেলার প্রশাদনগর গ্রামের জাফর শেখের ছেলে।

আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক চন্দন দেব নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সোমবার দুপুরের পর তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতর থেকে বিপুল তামার তার পাচার করা হবে। ওই সংবাদের ভিত্তিতে বিদ্যুৎ কেন্দ্রের লেবার গেট এলাকায় অভিযান চালানো হয়। বিকাল ৩টার দিকে পারভেজকে তল্লাশিকালে তার বাইসাইকেলের পেছনে বহন করা বস্তা থেকে ৫০ কেজির বেশি তামার তারসহ তাকে আটক করা হয়। জব্দ করা তামার তারের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

তিনি আরও বলেন, জব্দ করা মালামালসহ চোরকে রামপাল থানায় সোপর্দ করা ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।