যশোরে লাঠিসোঁটা-ইটপাটকেল নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ

যশোরে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের (কালেক্টরেট ভবন) সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন।

এ সময় ছাত্রলীগ নামধারী কয়েকজন লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আবির হোসেন ও সোহানুর রহমান বলেন, ‘আমরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যশোর কালেক্টরেট ভবনের সামনে অবস্থান করছিলাম। বেলা সাড়ে ১১টার দিকে আমাদের ওপরে ছাত্রলীগের কর্মীরা ইটপাটকেল-লাঠিসোঁটা হামলা চালায়। এতে আমাদের দুজন আহত হয়।’এরপর তারা কালেক্টরেট ভবন থেকে সরে শহরের মুজিব সড়কে (প্রেসক্লাবের সামনে) অবস্থান নেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবিতে চলমান আন্দোলনে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পাশাপাশি পরপর মুজিব সড়কে মিছিল নিয়ে অংশ নিতে থাকেন সরকারি এম এম কলেজ, সরকারি সিটি কলেজ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সময় আন্দোলনকারীরা যশোর প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ওই সময় সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ ব্যাপকসংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। যশোর কালেক্টরেট ভবন এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে জানতে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাককে কয়েক দফা ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।

আন্দোলনকারীরা জানান, তারা প্রধানমন্ত্রীর ‘অযৌক্তিক বক্তব্যের’ প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে সব ধরনের কোটার সংস্কার চান। স্কুল-কলেজ, চাকরি সব ক্ষেত্রে মেধাবীদের অগ্রাধিকার দিতে হবে। কিন্তু সরকার বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। ফলে দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।