সাথী সম্মেলন

দিনে সাংগঠনিক কাজ রাতে জায়নামাজে চোখের পানি ফেলতে হবে: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ‘আমরা ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাই না, যৌক্তিক সংস্কার চাই। ছাত্রশিবিরের সাথী ভাইদের দিনে সাংগঠনিক কাজ করার পাশাপাশি গভীর রাতে জায়নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর সাহায্য চাইতে হবে।’ এ ছাড়াও ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে পড়াশোনার পাশাপাশি সুন্দর রাষ্ট্র গঠনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর শিক্ষাপল্লি পার্কের অডিটোরিয়ামে সংগঠনটির ইবি অঞ্চলের সাথী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথী ভাইদের দিনে সাংগঠনিক কাজ করার পাশাপাশি গভীর রাতে জায়নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর সাহায্য চাইতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোরালো আবেদন, বিগত ফ্যাসিস্ট সরকারের প্রণীত শিক্ষাব্যবস্থাকে পরিবর্তন করে খুব দ্রুত নতুন আলোকে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে।’

কুষ্টিয়ার শহর শিবিরের সভাপতি হাফেজ সেলিম রেজার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মো. সুহাইল, সংগঠনটির কুষ্টিয়া জেলা সভাপতি ইমরান হোসেন প্রমুখ।

সম্মেলনে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ জেলা ও শহর শাখার সভাপতিসহ শিবিরের প্রায় ১৫০০ সাথী উপস্থিত ছিলেন।