সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ায় ইউপি নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের আটজন আহত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টায় আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, বিএনপি প্রার্থীর সমর্থক একসরা গ্রামের সোনাগাজী, মুছা শিকারি, খোরশেদ আলম ও রাজাপুর গ্রামের আলাউদ্দীন সানা এবং আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক বিছট গ্রামের আলাউদ্দিন গাজী, কদম আলী ও মনিপুর গ্রামের আব্দুল খালেক। আহতদের পার্শ্ববর্তী জায়গীরমহল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আলাউদ্দিন গাজীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলমগীর আলম লিটন বলেন, আশাশুনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রায় অর্ধশত মামলার পলাতক আসামি হুরুল কুদ্দুস দীর্ঘ দিন ধরে এলাকার বাইরে ছিলেন। সম্প্রতি সে এলাকায় এসে আবারও এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। সোমবার সে বিএনপি’র নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আমার নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এসময় আমার পাঁচ কর্মী আহত হয়।
আশাশুনি থানার ওসি আসাদুজ্জামন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মীর মনির হোসেন ও তিনি বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
/জেবি/টিএন/