সাবেক মেয়র খালেক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক এবং তার স্ত্রী বাগেরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বন উপমন্ত্রী হাবিবুন নাহারের ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে। তাদের সাতটি ব্যাংক হিসাব ও তিনটি সঞ্চয়পত্রে মোট আট কোটি ১০ লাখ ২৯ হাজার টাকা জমা ছিল।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার খুলনা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার এ আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করে দুদকের খুলনা কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ বলেন, ‘তালুকদার আবদুল খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। অনুসন্ধানে ঢাকা ও খুলনার বিভিন্ন ব্যাংকে এসব টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে। এই হিসাব অবরুদ্ধ করা না হলে তারা টাকা তুলে নিতে পারেন। এজন্য হিসাব অবরুদ্ধের জন্য আদালতে আবেদন করা হয়। আদালত আবেদন গ্রহণ করেছেন।’ 

দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বলেন, ‘তালুকদার আবদুল খালেকের নামে আইএফআইসি ব্যাংকের খুলনা শাখায় পাঁচ কোটি টাকা ও এনসিসি ব্যাংকে ৬৫ লাখ টাকার দুটির এফডিআরসহ পাঁচটি ব্যাংক হিসাবে ছয় কোটি ২৯ লাখ ৮৫ হাজার টাকা রয়েছে। হাবিবুন নাহারের নামে তিনটি সঞ্চয়পত্র ও দুটি ব্যাংক হিসাবে এক কোটি ৮০ লাখ ৪৩ হাজার টাকা রয়েছে।’

উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে তালুকদার আবদুল খালেক ও তার স্ত্রী হাবিবুন নাহার আত্মগোপনে রয়েছেন। খালেকের বিরুদ্ধে হত্যাসহ এক ডজন মামলা হয়েছে নগরী ও জেলার বিভিন্ন থানায়।