সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকা গেলো বাঘ

বাগেরহাটের মোংলার সুন্দরবনের শরকির খাল সংলগ্ন বনের অভ্যন্তরে চোরা শিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকা পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। বিশেষজ্ঞদের নিয়ে রবিবার (৪ জানুয়ারি) সকালে উদ্ধার অভিযান শুরু করবে বনবিভাগ। 

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল পাড়ের সুন্দরবনের অভ্যন্তরে চোরা শিকারিদের পেতে রাখা হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকে পড়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরের পর এ খবর পেয়ে সেখানে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরকে পাঠানো হয়। তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ফাঁদে একটি বাঘ আটকে রয়েছে। এরপর বনবিভাগের স্টাফেরা শরকির খাল পাড় এলাকা কর্ডন করে রেখেছে, যাতে কোনও লোকজন সেখানে যেতে না পারে। 

তিনি বলেন, খাল পাড় থেকে আধা কিলোমিটার বনের ভেতরে বাঘটি ফাঁদে আটকে রয়েছে। শনিবার গভীর রাতে সেখানে ফাঁকা গুলি ছোড়া হবে, শব্দে যাতে বাঘটি ঘটনাস্থল থেকে দূরে সরে যেতে পারে। তারপরও বাঘটি উদ্ধারে ঢাকা থেকে বনবিভাগের একজন ভেটেরিনারি সার্জন আনা হচ্ছে। তিনি রবিবার সকালে পৌঁছালেই বাঘ উদ্ধার কার্যক্রম শুরু করা হবে। বাঘটি উদ্ধারে ব্যবহার করা হবে ট্যাংকুলাইজার। গুলির মাধ্যমে এ ট্যাংকুলাইজার বাঘের শরীরে প্রবেশ করানো হবে। ট্যাংকুলাইজার করার পর বাঘটি আধা ঘণ্টা অচেতন থাকবে। 

দীপন চন্দ্র দাস আরও জানান, তখন সেটিকে ফাঁদ থেকে ছাড়ানো হবে। এ ছাড়া বাঘটি যদি অন্য কোনও আঘাতে অসুস্থ হয়ে থাকে তাহলে সেটি উদ্ধার করে লোহার খাঁচায় বন্দি করে খুলনা কিংবা ঢাকায় বনবিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে।