কারাবন্দি ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা 

বাগেরহাটে কারাবন্দি ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা (২২) ও তাদের ৯ মাস বয়সী শিশুসন্তান সেজাদ হাসানের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) কানিজ সুবর্ণার বাবা রুহুল আমিন হাওলাদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে এই মামলা করেন। 

গত শুক্রবার (২৩ জানুয়ারি) সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রাম থেকে কানিজ সুবর্ণার ঝুলন্ত মরদেহ এবং বিছানা থেকে তার ৯ মাস বয়সী ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। কানিজের স্বামী জুয়েল হাসান সাদ্দাম বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি। তিনি গত বছরের ৫ এপ্রিল থেকে নাশকতাসহ বিভিন্ন মামলায় বর্তমানে যশোর কারাগারে বন্দি রয়েছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত শেষে শনিবার (২৪ জানুয়ারি) বিকালে মা ও ছেলের মরদেহ লাশবাহী অ্যাম্বুলেন্সে করে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয়। মানবিক বিবেচনায় কর্তৃপক্ষের বিশেষ অনুমতিতে কারাবন্দি সাদ্দামকে তার স্ত্রী ও সন্তানের মুখ দেখার সুযোগ দেওয়া হয়। পরে রাত সোয়া ৮টার দিকে মরদেহ নিয়ে বাগেরহাটের উদ্দেশে রওনা হয় পরিবার এবং রাত ১১টায় জানাজা শেষে বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। 

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

পরিবার সূত্রে জানা গেছে, কানিজ ও জুয়েল কয়েক বছর আগে বিয়ে করেন। সন্তানের জন্মের আগে থেকেই জুয়েল কারাগারে আছেন। দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দি থাকায় অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন স্ত্রী। মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন। তবে অন্য কিছুও থাকতে পারে। এ সময় প্রশাসনের কাছে ঘটনা তদন্তের দাবি জানান তারা। 

পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আত্মগোপনে ছিলেন সাদ্দাম। গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে নাশকতার মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। তখন থেকেই বিভিন্ন মামলায় কারাগারে আছেন।