বাগেরহাটে নিজ বাড়ির শৌচাগার থেকে মুসলিমা খাতুন সীমা (২৮) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) বিকালে সদর উপজেলার যাত্রাপুর উত্তরপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ যাত্রাপুর উত্তরপাড়া গ্রামের ব্যবসায়ী শেখ আসাদের স্ত্রী। এই দম্পতির ছয় বছরের এক কন্যাসন্তান আছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে সীমা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সাড়ে ১২টার দিকে শৌচাগারে যান। দীর্ঘ সময় পার হলেও বাইরে না আসায় তার মেয়ে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানান। শিশুটির দাদা শৌচাগারের দরজার ফাঁক দিয়ে দেখেন ভেতরে রক্তাক্ত অবস্থায় পুত্রবধূ পড়ে আছেন। এরপর দরজা ভেঙে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, ওই নারী মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।’