পচা-বাসি খাবার বিক্রি

ক্যাফে নুরকে ১ লাখ টাকা জরিমানা

যশোরে পচা-বাসি খাবার বিক্রি, খাবারে অনুমোদনহীন পণ্য ব্যবহার ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশের তৈরি করার কারণে ‘ক্যাফে নুর’ হোটেলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অধিদফতরের যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান বলেন, ‘সম্প্রতি যশোর শহরের আর এন রোড এলাকার ক্যাফে নুর হোটেলের বিরিয়ানি খেয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ার অভিযোগ ওঠে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আমাদের নজরে আসে। বিষয়টি আমলে নিয়ে বুধবার ক্যাফে নুরে অভিযান চালানো হয়।’

তিনি বলেন, ‘অভিযানের সময় দেখা যায় হোটেলের ফ্রিজে বিক্রির উদ্দেশ্যে বাসি খাবার ও বাসি মাংস নোংরা পরিবেশে সংরক্ষণ করা হয়েছে। রান্নার জায়গায় প্রচুর পরিমাণ তেলাপোকা ঘুরে বেড়ায়। খাবারে ব্যবহারের জন্য রাখা অনুমোদনহীন ক্ষতিকর ১৪০ পিস মোগলাই সেন্ট, কেওড়া জল ও গোলাপ জল জব্দ করা হয়। যেগুলোর বোতলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের কোনও নাম-ঠিকানা ছিল না। বিএসটিআইয়ের ভুয়া সিল ব্যবহার করা হয়েছিল। এমনকি হোটেলের টয়লেটে হাত ধোয়ার কোনও সাবান ছিল না। কর্মচারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যগত ফিটনেস সার্টিফিকেটও দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এসব কারণে হোটেল মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া চুড়িপট্টি এলাকার শান্তি স্টোরে অভিযান চালিয়ে মেয়াদবিহীন ও ননফুড গ্রেড রঙ-মিশ্রিত শিশুখাদ্য চিপস বিক্রি করায় তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।’

অভিযান শেষে ওসব দোকান মালিককে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিত চলবে বলে জানিয়েছে তিনি।