খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

খুলনায় ঝুলন্ত অবস্থায় উৎস রায় নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাতে মহানগরীর নিরালা আবাসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

উৎস রায় দাকোপ উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা কনক কান্তি রায়ের ছেলে। তিনি নগরীর নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র ছিলেন।

পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিরালা আবাসিক এলাকার ৭ নম্বর রোডের এফ-৮৫ নম্বর বাড়ির ষষ্ঠ তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। গত কয়েকদিন ধরে তিনি হতাশায় ভুগছিলেন। ওই হতাশা থেকেই সোমবার রাতে গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।