যশোরের অভয়নগরে খুলনাগামী একটি ট্রেনের ধাক্কায় কয়লাবাহী ট্রাকের চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপার। রবিবার (১০ মে) দুপুরে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মনোয়ার হোসেন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। আহত হেলপার রায়হানকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আকিজ এসেনশিয়ালের কয়লা ডিপোর দিকে যাচ্ছিল একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৭৮৩৬)। ভাঙ্গাগেট এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় খুলনাগামী মহানন্দা মেইল ট্রেনটি ট্রাকটিতে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই চালক মনোয়ার প্রাণ হারান।
এলাকাবাসীর অভিযোগ, রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। সেখানে কোনও গেটম্যান বা সংকেত ব্যবস্থা না থাকায় চালক ট্রেনের উপস্থিতি বুঝতে পারেননি।
অভয়নগর থানার ওসি নুরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ওই রুটে কিছুক্ষণ ট্রেন চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।