আন্দোলনরত রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নেতারা এখন ঢাকার পথে রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার বিকাল ৩টায় পাট মন্ত্রণালয়ের একটি বৈঠকে উপস্থিত হওয়ার উদ্দেশ্যে তারা ঢাকা যাচ্ছেন। এ বৈঠকে শ্রমিকদের পাঁচ দফা দাবির বিষয়ে আলোচনা হবে। বিজেএমসির খুলনা জোনের লিয়াজোঁ কর্মকর্তা মহব্বত আলী বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, ক্রিসেন্ট জুটমিল ওয়ার্কাস ইউনিয়ন কার্যালয়ে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত এক বৈঠকে শ্রমিক নেতারা বলছেন, সরকার আন্তরিকতা দেখালে মঙ্গলবারই আন্দোলনের ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে। তবে ঢাকা থেকে সিদ্ধান্ত আসা পর্যন্ত মঙ্গলবারও ধর্মঘটসহ রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচী অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঐক্য পরিষদের আহ্বায়ক শ্রমিক নেতা সোহরাব হোসেন বলেন, ইতোপূর্বে বকেয়া বাবদ অর্থ বরাদ্দের অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। এ কারণে শুধুমাত্র প্রতিশ্রুতিতে আন্দোলন প্রত্যাহার করা হবে না। টাকা হাতে না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। মঙ্গলবার ঢাকায় পাট মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আন্দোলনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।
স্টার জুটমিল সিবিএ-এর সাবেক সভাপতি গাজী মাসুম বলেন, শুধুমাত্র বকেয়া বেতন এবং মজুরি পরিশোধ করলেই হবে না, শ্রমিকদের ৫ দফা দাবিই মেনে নিতে হবে। ৫ দফা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
বৈঠকে আন্দোলন চালিয়ে রাখার জন্য ক্রিসেন্ট মিলের সাবেক সিবিএর সাধারণ সম্পাদক মো. শাহ আলমকে দ্বায়িত্ব দেওয়া হয় বলে নেতারা জানান। এতে রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ- নন সিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক সোহরাব হোসেন, সদস্য সচিব জাকির হোসেন, সাবেক শ্রমিকনেতা মো. হাফিজুর রহমান, মো. শাহ আলম, ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক কওছার আলী মৃধাসহ পরিষদের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
খুলনা-যশোর অঞ্চলে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের লাগাতার ধর্মঘট
খুলনা-যশোরে সোমবার থেকে রাজপথ ও রেলপথ অবরোধ
/এইচকে/