খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করলো কারা?

খুলনা নগরে সাংবাদিকদের নিয়মিত আড্ডাস্থলে গুলির ঘটনা ঘটেছে। এ সময় সেখানে চার সাংবাদিক ও বিএনপির স্থানীয় এক নেতা ছিলেন। গুলির স্প্লিন্টারের আঘাতে এক সাংবাদিক সামান্য আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটের দিকে খুলনা নগরের জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ মোটরসাইকেলে এসে দুজন যুবক সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন দৈনিক আমাদের সময়-এর খুলনা প্রতিনিধি সৈয়দ হুমায়ুন কবির, এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম, স্টার নিউজের প্রতিনিধি রফিউল ইসলাম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রতিনিধি আওয়াল শেখ এবং খুলনা সদর থানা বিএনপির নেতা মোফাশ্বের আলম।

একাধিক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, প্রতিদিনের মতো কাজ শেষে কয়েকজন সাংবাদিক চায়ের দোকানটির সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সাত রাস্তার দিক থেকে শান্তিধামের দিকে যাওয়া একটি মোটরসাইকেলে দুই যুবক এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর হেলমেট পরা ওই যুবকেরা সেখান থেকে চলে যায়।

সাংবাদিক সৈয়দ হুমায়ুন কবির বলেন, ‘গুলির একটি স্প্লিন্টার সাংবাদিক আওয়াল শেখের শরীরে লেগেছে। তিনি এখন সুস্থ আছেন। কেন আমাদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, তা বুঝতে পারছি না। তবে ঘটনাটি উদ্বেগজনক।’

সাংবাদিক রকিবুল ইসলাম বলেন, ‘আমরা চার-পাঁচ জন বসে কথা বলছিলাম। এ সময় একটি মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত এসে গুলি চালায়। একটি গুলি গিয়ে আমার বসার টুলে লাগে। গুলি ছুড়ে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।’

ঘটনাটিকে পরিকল্পিত এবং সেখানে উপস্থিত ব্যক্তিদের কেউ একজন লক্ষ্যবস্তু ছিলেন বলে দাবি করেছেন সাংবাদিক রফিউল ইসলাম। এ ঘটনার পর সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। 

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। রাতের ঘটনায় আশপাশের সব সিসিটিভি ফুটেজ তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা সম্ভব হয়নি। একটি ফুটেজ পাওয়া গেছে, তবে সেটি অস্পষ্ট। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

এ ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন। অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নসহ (কেইউজে) বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। এ ঘটনার প্রতিবাদে আজ দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা। 

কারা কেন গুলি ছুড়লো?

এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম বলেন, ‘কারা কেন গুলি ছুড়েছে আমাদের, তা এখনও নিশ্চিত হতে পারিনি। পুলিশ তদন্ত করলে এর কারণ বের হয়ে আসবে।’

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘কী কারণে কারা সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

এ ঘটনার পর খুলনায় সাংবাদিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন, সহসভাপতি আমিরুল ইসলাম ও মিজানুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন খান, কোষাধ্যক্ষ মো. আবু সাঈদ অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

একই ঘটনায় বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো. হেদায়েৎ হোসেন মোল্লা ও নির্বাহী সদস্য কৌশিক দে বাপ্পী। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিকদের ওপর গুলি বর্ষণকারীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।