বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুইবোনসহ ৩ শিশুর মৃত্যু

যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

ওই তিন জন হলো– জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০), একই গ্রামের নিছার আলী মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০)।

স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের আগে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে ফাহিমা, লামিয়া ও সুলতানা। এক পর্যায়ে তারা তিন জন বাগানের মধ্যে গভীর ওই পুকুরে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের লোক ও স্থানীয়রা উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, পুকুরটি শিশু ফাহিমাদের। সেটি এক রকমের পরিত্যক্ত ছিল। সেখানে লোকজন তেমন একটা গোসল করতে যায় না। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।