মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল সাতটি কুকুরছানা। নিরাপদ আশ্রয়ে মায়ের শরীর ঘেঁষে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল তারা। কিন্তু মুহূর্তের অসতর্কতায় একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো চারটির। আহত হয়েছে আরও দুটি। চোখের সামনেই সন্তানদের এমন করুণ পরিণতি দেখলো মা কুকুরটি।
রবিবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পোস্ট অফিস চত্বরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজের দিক থেকে আসা কালো রঙের একটি টয়োটা আরএভিফোর প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪২০) পোস্ট অফিস চত্বরে প্রবেশ করে। এ সময় মা কুকুরটি তার সাতটি বাচ্চা নিয়ে সেখানে ঘুমিয়ে ছিল। চালক বিষয়টি খেয়াল না করেই গাড়ি চালিয়ে যাওয়ায় সামনের ও পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চারটি কুকুরছানার মৃত্যু হয়। বেঁচে যাওয়া তিনটির মধ্যে দুটি আহত হয়েছে বলে জানান পোস্ট অফিসের লোকজন।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন দাবি করেন, ঘটনার সময় চালকের আচরণ ছিল অস্বাভাবিক। তিনি নেশাগ্রস্ত কিংবা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন কেউ কেউ। তবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এ সময় গাড়িতে একজন নারীও ছিলেন বলে জানান তারা।
ঘটনার পর আশপাশের লোকজন জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে চালকের সঙ্গে তাদের বাগবিতণ্ডাও হয়েছে।
সাতক্ষীরা পোস্ট অফিসের পোস্টমাস্টার দেবাশীষ কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চালক বেখেয়ালবশত গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। সাতটি কুকুরছানার মধ্যে চারটি মারা গেছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং গাড়িটি কার, সে বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।’
ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে সাতক্ষীরা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মনির উদ্দিন বলেন, চালকের অবহেলায় এভাবে নিরীহ প্রাণীগুলোর মৃত্যু অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। গাড়ি সামনে বা পেছনে নেওয়ার আগে আশপাশে কিংবা চাকার নিচে কোনো প্রাণী আছে কি না, তা সতর্কতার সঙ্গে দেখে নেওয়া উচিত ছিল।
তিনি বলেন, একটি প্রাণী চাইলেই সৃষ্টি করা যায় না, অথচ মানুষের অসতর্কতায় মুহূর্তেই তার প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে। প্রাণীদের প্রতি সংবেদনশীল হওয়া জরুরি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
পরিবেশকর্মী সাকিবুর রহমান বাবলা বলেন, শীতের শুরুতে উষ্ণতার খোঁজে কুকুর-বিড়ালসহ বিভিন্ন প্রাণী রাস্তাঘাট, গলি, পার্কিং স্পট ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাঙ্গণে আশ্রয় নেয়। বিশেষ করে মা কুকুরেরা ছোট বাচ্চাদের নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেক সময় গাড়ির নিচে অবস্থান করে। তাই শীতের বিকাল ও সন্ধ্যায় এবং গাড়ি চালানো বা পার্কিংয়ের সময় চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
সামান্য অসতর্কতায় যেন আর কোনও নিরীহ প্রাণের এমন করুণ পরিণতি না হয়, সে জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।