আমির হামজার ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের ওপর চরম আঘাত: জামায়াত

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা।

শনিবার (১৫ আগস্ট) রাতে এক যৌথ বার্তায় কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিন এবং জেলা সেক্রেটারি মো. এনামুল হক এ প্রতিবাদ জানান।

প্রতিবাদ বার্তায় বলা হয়, জনগণের নির্বাচিত প্রতিনিধি মুফতি আমির হামজার ওপর এই হামলা কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং তা কুষ্টিয়ার শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশের ওপর এক চরম আঘাত। জনমনে আতঙ্ক সৃষ্টি এবং এলাকার রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করতেই চিহ্নিত দুষ্কৃতকারীরা এই হীন কর্মকাণ্ড ঘটিয়েছে। অবিলম্বে এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কুষ্টিয়াবাসীকে এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয় প্রতিবাদ বার্তায়।

প্রসঙ্গত, কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার সমর্থক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ঘটেছে। এ সময় আমির হামজার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ছয় রাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।