নিখোঁজের চার দিন পর খালে মিললো বৃদ্ধার লাশ

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চার দিন পর হাসনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া এলাকায় গঙ্গা-কপোতাক্ষ (জিকে) প্রকল্পের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত হাসনা খাতুন মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাঁড়ারা গ্রামের করিম আলীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাসনা খাতুন গত ৩১ আগস্ট রাতে নিখোঁজ হন। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। পরে কোনও খবর না পেয়ে বৃহস্পতিবার মিরপুর থানায় একটি জিডি করা হয়।

শুক্রবার সকালে গোবিন্দগুনিয়া এলাকায় জিকে খালে ভাসমান লাশ দেখে স্থানীয়রা জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

কুষ্টিয়ার এএসপি (মিরপুর সার্কেল) মাহমুদুল হক মজুমদার জানান, নিহতের ছেলে থানায় জিডি করার পরদিন আজ খাল থেকে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।